পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
অনলাইন প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর আন্দামান সাগর এলাকায় গঠিত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় ‘সুস্পষ্ট লঘুচাপ’ হিসেবে অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী: সোমবার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার ও বুধবার: খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।বৃহস্পতিবার ও শুক্রবার: রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
তবে আগামী পাঁচ দিন পর থেকে বৃষ্টি ও বজ্রবৃষ্টির এই প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।