পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার: অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও আত্মগোপনে যাওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা দায়েরের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বরখাস্তকৃত এসব কর্মকর্তা ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কর্মস্থলে যোগদান না করে আত্মগোপনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাও রয়েছে। এর মধ্যে ঢাকা জেলার সাবেক এসপি মো. আসাদুজ্জামান ২০২৪ সালের সেপ্টেম্বরে সারদা পুলিশ একাডেমিতে যোগদানের পর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন এবং পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন। তদন্ত শেষে বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁদেরকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন