জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ইসলামী যুব আন্দোলনের

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ইসলামী যুব আন্দোলনের

বিশেষ সংবাদদাতা: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

নেতৃদ্বয় বলেন, জ্বালানি তেল দেশের কৃষি, পরিবহন, পণ্য সরবরাহ ও শিল্প-কারখানার চালিকাশক্তি। ফলে এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন ভাড়া, কৃষিপণ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সব খাতের ওপর পড়বে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে।

বিবৃতিতে তাঁরা আরও উল্লেখ করেন, জ্বালানি খাতের লোকসান বা আর্থিক চাপের দায় একতরফাভাবে সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। অপচয় ও অনিয়ম বন্ধ, স্বচ্ছতা নিশ্চিত এবং বিকল্প ব্যয়-সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংকট মোকাবিলার ওপর জোর দেন তাঁরা।

ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ অনতিবিলম্বে তেলের বর্ধিত দাম পুনর্বিবেচনা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, নিত্যপণ্যের বাজারে কঠোর নজরদারি এবং নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন