নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

বিশেষ সংবাদদাতা: জনগণের অর্থে নির্মিত নতুন সড়ক কোনো সংস্থার সমন্বয়হীনতার কারণে পুনরায় কেটে নষ্ট করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নতুন সড়ক না কেটে বিকল্প উপায়ে কাজ সম্পাদন করার জন্য তিনি ওয়াসা কর্তৃপক্ষকে আহ্বান জানান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএসসিসির আওতাধীন ইনার সার্কুলার রিং রোডের রায়েরবাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে আবদুস সালাম বলেন, দীর্ঘ দুই-তিন বছর চরম ভোগান্তি সহ্য করার পর আজ এলাকার মানুষের সামনে একটি নতুন রাস্তা দৃশ্যমান হয়েছে। কিন্তু ওয়াসা ‘বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্প’-এর আওতায় এই নতুন রাস্তা আবার খুঁড়ে পানির লাইন বসাতে চায়। বিকল্প রুট নির্ধারণের অনুরোধ জানিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, জনগণকে পুনরায় ভোগান্তিতে ফেলে এবং জনঅর্থের অপচয় করে এই রাস্তা খোঁড়ার অনুমতি দেওয়া হবে না।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে প্রশাসক জানান, ১ হাজার ১৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ ৮ লেনের এই সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপের কাজের ভৌত অগ্রগতি ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। এটি বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার যানবাহন ঢাকার মূল যানজটে না ঢুকে সরাসরি এই রিং রোড ব্যবহার করে উত্তরবঙ্গে যাতায়াত করতে পারবে, যা পুরো রাজধানীর পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

এর আগে সকালে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক লালকুঠি (নর্থব্রুক হল)-এর সংস্কারকাজ পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। তিনি উল্লেখ করেন, ঐতিহ্যবাহী এই স্থাপনার মূল চুন-সুরকির গাঁথুনি ও লাল ইটের স্থাপত্য অক্ষুণ্ন রেখে সংস্কারকাজ শেষ হয়েছে। ভবিষ্যতে এটি সাহিত্যসভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন