৪৪ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
৪৪ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ

অনলাইন ডেস্ক :  ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিত ও অবৈধভাবে প্রবেশ করা আরও ৪৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল সোয়া ৯টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।

বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের অভ্যর্থনা জানান। পাশাপাশি ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, প্রাথমিক কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে নিরাপদে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ফেরত আসা ৪৪ জনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে পেশাগত কাউন্সেলিং ও প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছিল। ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত এই প্রক্রিয়ার আওতায় প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

শরিফুল হাসান বলেন, “লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এতদিন শীর্ষে ছিলেন। তবে এ বছরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা এখন প্রথম অবস্থানে রয়েছেন।” এভাবে অবৈধ উপায়ে ইউরোপে যেতে গিয়ে প্রায়ই নির্মম প্রাণহানির ঘটনা ঘটছে।

তিনি সতর্ক করে বলেন, ইউরোপ অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দিন দিন অত্যন্ত কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের সব আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত কোনো ফল মিলছে না। অথচ অনেকেই মনে করেন যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে—এই ভ্রান্ত ধারণা থেকে তরুণদের বেরিয়ে আসতে হবে।

জানা গেছে, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ব্যাপারে অন্যদের উৎসাহিত করতেন। তাই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমেই কেবল বৈধ পথে বিদেশে যাওয়ার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।