লাল-সবুজের জার্সিতে ট্রফি উপহার দিতে চান হামজা
স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর দলীয় সংযুক্তি বাংলাদেশ ফুটবল দলকে মানসিকভাবে অনেক উঁচুতে নিয়ে গেছে। দলের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আত্মবিশ্বাস। লাল-সবুজের জার্সিতে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার সরাসরি ট্রফি জয়ের ঘোষণা দিয়েছেন হামজা। ২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাংলাদেশ আবার সাফ শিরোপা ঘরে তুলবে—এমন দৃঢ় বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৬) বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামজা দলীয় লক্ষ্য, নিজের পরিকল্পনা এবং দেশের ফুটবল উন্মাদনা নিয়ে খোলাখুলি কথা বলেন।
বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে হামজা জানান, পুরো দেশ কী চায় তা দলের সবাই জানেন। সিঙ্গাপুর, হংকং কিংবা ভারতের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করার অভিজ্ঞতা থেকে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তিনি বলেন, “আমরা জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। দলগতভাবে উন্নতি করছি এবং আশা করি এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে পারব।” দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা এবার কাটানোর উপযুক্ত সময় বলে মনে করেন তিনি।
দলের গোল মিস করা নিয়ে চিন্তিত নন জানিয়ে হামজা বলেন, “আমি উদ্বিগ্ন হতাম, যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা পর্যাপ্ত সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ হাতছাড়া করেছি। তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে শুরু করব।”
বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে নিজের গর্বের কথা প্রকাশ করে হামজা বলেন, ইংল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরাও তাঁদের খেলা দেখতে মাঠে আসেন। মানুষ যেভাবে ভালোবাসা ও সমর্থন দিচ্ছে, তা তাঁর পরিবারের কাছে অনেক বড় প্রাপ্তি। দেশের এই ফুটবল উন্মাদনার কথা উল্লেখ করে তিনি বলেন, “সমর্থকরা অনেক সময় ও অর্থ ব্যয় করে আমাদের খেলা দেখতে আসেন। তাদের সেই ভালোবাসার সেরা প্রতিদান দিতে হলে আমাদের ম্যাচ ও টুর্নামেন্ট জিততে হবে।”
মাঝেমধ্যে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন উল্লেখ করে হামজা জানান, দলের আক্রমণ ও রক্ষণভাগকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে কোচের সঙ্গে তাঁর কথা হয়েছে। দলে তাঁর চেয়েও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন যারা দেশের হয়ে প্রায় শত ম্যাচ খেলেছেন। অধিনায়কত্ব প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য—কোচ দায়িত্ব দিলে তিনি নিতে প্রস্তুত, তবে সবচেয়ে বড় কথা হলো ড্রেসিংরুমে একটি পারিবারিক পরিবেশ বজায় রাখা, যা সাফল্যের জন্য অত্যন্ত জরুরি।