আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের বিরুদ্ধে গুপ্ত রাজনীতি ও নাশকতার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের বর্তমান রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খাঁন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, ‘নিষিদ্ধ আ.লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?’ আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।”
অতীতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছদ্মবেশে ছাত্রলীগ করার বিভিন্ন প্রসঙ্গ টেনে তিনি বলেন, সারা দেশে জামায়াত-শিবিরের অনেকেই অতীতে গুপ্তবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। ঠিক তেমনিভাবে বর্তমান পরিস্থিতিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বহু নেতাকর্মী জামায়াতের ছায়াতলে বা তাদের আশ্রয়ে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবিরও দল ভারী করার লোভে এসব আওয়ামী দুর্বৃত্তদের নিজেদের দলে জায়গা করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময়ের আলোচিত চরিত্র মেজর আক্তারুজ্জামানকেও যেভাবে জামায়াত আশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে, তা থেকেই বিষয়টি স্পষ্ট। আর এ কারণেই আওয়ামী লীগের অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাস দমনে জামায়াত-শিবিরের জোরালো কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।
জামায়াতের এই কৌশলের নেপথ্যে দুটি কারণ থাকতে পারে বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তাঁর মতে—
১. জামায়াত-শিবির মনে করতে পারে যে, আওয়ামী লীগ মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সরকার দুর্বল হবে। সরকার দুর্বল হলে বিরোধী দল হিসেবে জামায়াতের দরকষাকষির (বার্গেনিং) ক্ষমতা বাড়বে এবং তারা সরকারকে চাপে রেখে ফায়দা লুটতে পারবে।
২. সাম্প্রতিক কিছু বিদেশি কূটনৈতিক বা গোয়েন্দা বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারবিরোধী বা ভিন্ন কোনো রাজনৈতিক সমীকরণের অংশ হিসেবেই জামায়াত আওয়ামী লীগের বিষয়ে বর্তমানে এতটা নমনীয় অবস্থান নিয়েছে।
পোস্টের শেষ অংশে রাশেদ খাঁন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জামায়াত-শিবিরের এই রাজনৈতিক ফায়দা লোটার হিসাব কখনো সফল হবে না। বাংলাদেশপন্থী সকল শক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করার লড়াই বিএনপি দৃঢ়ভাবে চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি সরকারকে দুর্বল করার যেকোনো ধরনের আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে। এজন্য চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি—টানা এই তিন মাসকে ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে ঘোষণা করে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।