প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশের পরিকল্পিত ও সুষম নগরায়ণের লক্ষ্য নিয়ে প্রতিটি সিটি করপোরেশন এবং জেলা পর্যায় পর্যন্ত দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। একই সঙ্গে সবার জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই আবাসন নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিতব্য ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে রোববার (৪ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দ্রুত বর্ধনশীল নগরায়ণ, জনসংখ্যার চাপ এবং আবাসন সংকট মোকাবিলায় পরিকল্পিত নগর উন্নয়ন এখন সময়ের দাবি। সরকার সুষম আঞ্চলিক বিকাশ, পরিকল্পিত নগরায়ণ এবং নিম্ন আয়ের পরিবার ও বস্তিবাসীদের সুবিধার্থে সাশ্রয়ী আবাসনের স্পষ্ট রূপরেখা নিয়ে কাজ করছে। 'সবার জন্য বাসস্থান' ধারণাকে কেবল একটি ঘরের সীমারেখায় না রেখে নিরাপদ খাবার পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ ও জরুরি নাগরিক সেবার সার্বিক সমন্বয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে নগর উন্নয়নের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা হয়েছে। এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১১) অর্জনে কার্যকর অবদান রাখবে।

বাসযোগ্য ও মানবিক নগর গঠনে বেসরকারি উদ্যোক্তা, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগণের সম্মিলিত অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।

এআইএল/সকালবেলা