ছাত্র উপদেষ্টাদের শতকোটি টাকার দুর্নীতি আছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সকালবেলা অনলাইন: সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর দাবি করেন, নিরপেক্ষ তদন্ত চালানো হলে সাবেক ছাত্র উপদেষ্টাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তত শতকোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলবে।
তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব সমর্থন থাকলেও অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা ও ছাত্র উপদেষ্টাদের বিতর্কিত ভূমিকার কারণে জাতীয় ঐক্য রক্ষা করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। বিপ্লবের সুযোগ নিয়ে সুবিধাবাদী গোষ্ঠীর সঙ্গে আাঁতাত ও ফ্যাসিবাদী মানসিকতা প্রদর্শনের কারণে তরুণদের ঘিরে তৈরি হওয়া নতুন বাংলাদেশের স্বপ্ন ও অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক গতিপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এআইএল/সকালবেলা