বাগেরহাটে খান জাহান আলীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
বাগেরহাটে খান জাহান আলীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে পৌঁছান এবং ঐতিহাসিক মাজার প্রাঙ্গণে উপস্থিত হন।

মাজারে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং পবিত্র ফাতেহা পাঠ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকালে বাগেরহাটের মোংলায় পৌঁছে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর উপস্থিতিতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)’-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এআইএল/সকালবেলা