অধ্যাপক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
অধ্যাপক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শুক্রবার (১০ জুলাই) রাতে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সশরীরে দেখতে যান তিনি।

হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে অধ্যাপক ডা. পাভেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি এই প্রবীণ চিকিৎসকের সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর জোর দেন এবং তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতাজনিত কারণে (Myocardial Infarction বা হার্ট অ্যাটাক) ডা. পাভেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল দেশের চিকিৎসা অঙ্গনের অত্যন্ত পরিচিত ও বিশিষ্ট একজন সার্জন। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে ও বিদেশে চিকিৎসা শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়কের পাশাপাশি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন