আগৈলঝাড়া থানায় হামলা, নারীসহ গ্রেফতার ১৮

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
আগৈলঝাড়া থানায় হামলা, নারীসহ গ্রেফতার ১৮

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় গ্রেফতারকৃত এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে।

থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় গ্রেফতার করা হয়। থানার হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—এমন একটি গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর স্বজন ও স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিকেলে কয়েকশ মানুষ লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের করে আগৈলঝাড়া থানায় অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে পুলিশের ছয় সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

মামলার পর বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হামলায় জড়িত অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও বোন শারমিন আক্তারসহ এজাহারভুক্ত ১৮ জন রয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, হামলার পর থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত প্রতিটি আসামিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন