ঝিনাইদহে শিশুকে যৌন হয়রানির অভিযোগে দোকানি গ্রেফতার
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহে চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় লিটন বিশ্বাস (৫৫) নামে এক মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ পৌর শহরের ভুটিয়ারগাতি গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
আটককৃত লিটন বিশ্বাস ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় একজন মুদি ব্যবসায়ী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে মুদি দোকানি লিটন বিশ্বাস ৮ বছর বয়সী ওই শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর ডেকে নেয় এবং যৌন হয়রানি করে। এ সময় শিশুটি কৌশলে মুদি দোকানির হাত থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসে এবং স্বজনদের কাছে কান্নায় ভেঙে পড়ে ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনাটি জানতে পেরে শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয় গ্রামবাসী তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা তাৎক্ষণিকভাবে ওই মুদি দোকানে এসে অভিযুক্ত লিটন বিশ্বাসকে হাতেনাতে ধরে উত্তম-মাধ্যম (গণপিটুনি) দেন এবং ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওই এলাকার মানুষ মুদি দোকানিকে মারধর করে আটকে রেখেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে তাকে সদর থানা হাজতে আটকে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারকে থানায় ডাকা হয়েছে। তাদের পক্ষ থেকে লিখিত ও সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা পেলেই অভিযুক্ত লিটন বিশ্বাসের বিরুদ্ধে যথাযথ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|