কালিহাতীর মাদক সম্রাট স্বপন সাহা আটক

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
কালিহাতীর মাদক সম্রাট স্বপন সাহা আটক

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কালিহাতী থানার থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক স্বপন সাহা উপজেলার খিলদা গ্রামের মৃত কানাই লাল সাহার ছেলে। তিনি বর্তমানে থানাপাড়া এলাকায় হালিম দারোগার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে থানাপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক/উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম। অভিযানের একপর্যায়ে হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া স্বপন সাহার বসতঘর ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচরে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। টাঙ্গাইল জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন