নাটোরে ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি গোপালপুর সরকারের ঢালান এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের তফেজ উদ্দিন ঝড়ুর ছেলে ও ইজিবাইকচালক রান্টু মিয়া (২৮), পার গোপালপুর গ্রামের মৃত কৃপানাথ বিশ্বাসের ছেলে তৌলক্ষ্য বিশ্বাস (৫৫) এবং গড়মাটি খানপাড়া এলাকার মো. চাঁদ আলী খানের ছেলে শিপন খান (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক রান্টু মিয়ার মৃত্যু হয়। এ সময় ইজিবাইকের দুই যাত্রী তৌলক্ষ্য বিশ্বাস ও শিপন খান গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৌলক্ষ্য বিশ্বাস মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য শিপন খানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত এবং পলাতক চালককে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|