খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসি প্রধানের
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড “ইতিহাসের স্মৃতি থেকে কখনোই মুছে যাবে না।”
সেপাহ সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে বাহিদি বলেন, “ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশু-হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “আমেরিকার অপরাধী নেতারা এবং ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুকে জানতে হবে, এই ঐশী নেতাকে কাপুরুষোচিতভাবে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকাকে মাটিতে নামাতে পারবে না।”
বাহিদি বলেন, “শহীদদের রক্তের প্রতিশোধ এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনো ভুলে না যাওয়ার দাবি হয়ে থাকবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় চার মাস আগে আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের চার সদস্য নিহত হন। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে তাঁকে দাফন করা হয়। এরপরই এ প্রতিক্রিয়া জানান আইআরজিসি প্রধান।
|