বরিশালে স্বাস্থ্য পরিচালকের অপসারণ দাবিতে বিক্ষোভ
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। তাঁদের ধারাবাহিক কর্মসূচির ফলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে এবং দাপ্তরিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা স্বাস্থ্য পরিচালকের কক্ষের দরজায় লাগানো তালা ও হাতল ভাঙা অবস্থায় দেখতে পান। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা তাৎক্ষণিকভাবে কার্যালয়ের মূল ফটকে নতুন করে তালা ঝুলিয়ে দেন। এতে উপপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন এবং অফিসের প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনবিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়া একজন বিতর্কিত ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের স্পষ্ট দাবি, ডা. এস. এম. মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন অবিরত থাকবে।
এর আগে গত ৭ জুলাই ‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’-এর ব্যানারে প্রথম দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওইদিন আন্দোলনকারীরা নবনিযুক্ত স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
জানা গেছে, পরদিন সকালে ডা. মনিরুজ্জামান কার্যালয়ে এসে তালা ভেঙে অফিসে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে একদল শিক্ষার্থী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু করে। পরে তারা তাঁকে কার্যালয় ত্যাগের আহ্বান জানালে তিনি অফিস থেকে বের হয়ে যান। এরপর আন্দোলনকারীরা পুনরায় তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এদিকে টানা কয়েকদিনের এই আন্দোলনের কারণে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দাপ্তরিক সেবা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এআইএল/সকালবেলা
|