পীরগাছায় আট কোটির ড্রেনেও মিলছে না সুফল

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
পীরগাছায় আট কোটির ড্রেনেও মিলছে না সুফল

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: গত দুই দিনের টানা বৃষ্টিতে রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেকের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্করা। অথচ ওই এলাকাতেই প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ড্রেন। কিন্তু সেই ড্রেন থেকে সুফল তো দূরের কথা, উল্টো দুর্ভোগই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নবনির্মিত ড্রেনটি কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। বরং যথাযথ পরিকল্পনার অভাবে ড্রেন নির্মাণের ফলে আগের পানি চলাচলের স্বাভাবিক পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে পীরগাছা বাজার ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই ড্রেন নির্মাণ করা হয়। প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের হলেও মাত্র কয়েক মাস আগে এর নির্মাণ কাজ শেষ হয়। স্থানীয়দের দাবি, এই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন তো হচ্ছেই না, উল্টো অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি বাইরে চলে আসছে। এছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দায়সারাভাবে কাজ করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে ড্রেনের নিচে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সরকারের এই ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প এখন পীরগাছাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের পীরগাছা উপজেলার সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, “রাস্তার লেভেল বা উচ্চতা অনুযায়ী ড্রেন নির্মাণ করা হয়েছে। কিছু এলাকা মূল রাস্তার তুলনায় নিচু হওয়ায় সেখানে পানি জমছে, এটি ড্রেনের ত্রুটির কারণে নয়। তবে ড্রেনের কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হওয়ার বিষয়টি আমরা দেখেছি। সেগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন