আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন ওরফে সুমন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বুধবার (৮ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুমন দীর্ঘ ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মাত্র এক বছর আগে তিনি বাংলাদেশ থেকে ঘুরে আবার প্রবাসে ফিরে যান। বুধবার বিকেলের দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁর দোকানে প্রবেশ করে তাঁকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। সুমনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে কোলাহল ও শোকের ছায়া নেমে আসে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।” নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন