টালিউডে মুখোমুখি সংঘাত এড়ালেন দুই সুপারস্টার

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
টালিউডে মুখোমুখি সংঘাত এড়ালেন দুই সুপারস্টার

বিনোদন ডেস্ক: টালিউডের দুই মহাসুপারস্টার জিৎ এবং দেবের সিনেমা একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মানেই বক্স অফিসে তুমুল ঝড় আর ভক্তদের মাঝে উন্মাদনা। তবে আসন্ন ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে কলকাতার চলচ্চিত্র পাড়ায় বদলে গেছে সব হিসাব-নিকাশ। বড় পর্দার সেই কাঙ্ক্ষিত মহারণ আপাতত দেখতে পাচ্ছেন না দর্শকেরা। জিৎ অভিনীত নতুন বিগ বাজেট সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হতেই, সম্ভাব্য সংঘাত এড়াতে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে দেব অভিনীত বাস্তবধর্মী সিনেমা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র মুক্তি।

আজ শুক্রবার (১০ জুলাই) টলিউড অন্দরমহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তারকার সিনেমা মুক্তির এই নতুন সমীকরণ নিশ্চিত করা হয়েছে।

টলিউড সূত্রে জানা গেছে, নির্মাতা পথিকৃৎ বসু পরিচালিত জিতের মেগা প্রজেক্ট ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ আগামী ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত স্বাধীনতা সংগ্রামী এবং ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম প্রধান নায়ক অনন্ত সিংহের রোমাঞ্চকর জীবন ও সংগ্রাম অবলম্বনে নির্মিত হয়েছে। পিরিয়ড ঘরানার এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই সিনেমা প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ ও কৌতূহল ছিল। জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা ছবিটির জমকালো মুক্তির প্রস্তুতি শুরু করে দিয়েছে।

অন্যদিকে, একই সময়ে অর্থাৎ স্বাধীনতা দিবসের সরকারি ছুটিতে দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটি মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। টলিউডের পরিবেশক ও হল মালিকেরাও একটি বড়সড় বক্স অফিস লড়াইয়ের আভাস পাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান। একই দিনে দুটি বড় সিনেমা মুক্তি পেলে ব্যবসার ক্ষতি হতে পারে— এমন ভাবনা থেকেই এই সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির মুক্তি স্থগিতের বিষয়টি ভক্তদের সাথে শেয়ার করে দেব অত্যন্ত পরিপক্ব এক বার্তা দিয়েছেন। দেব তাঁর অফিসিয়াল হ্যান্ডেলে লিখেছেন, “প্রতিটি যাত্রার একটা নিজস্ব সঠিক সময় থাকে। আপনাদের কাছে যাতে এই সুন্দর ছবিটি আরও নিখুঁত ও ভালোভাবে পৌঁছে দিতে পারি, তাই আপাতত ছবির মুক্তি স্থগিত রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

ভক্তদের কিছুটা আশ্বস্ত করে টলিউড কিংপিন আরও লেখেন, “আমি খুব ভালো করেই জানি, আপনারা এই বিশেষ ছবিটি বড় পর্দায় দেখার জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু ছবির স্বার্থে আমাদের আরও কিছু দিন ধৈর্য ধরতে হবে।” দেবের এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে আগামী ১৪ আগস্ট বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছে জিতের ‘বিপ্লবী’। আর দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র নতুন মুক্তির তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন