রাজেন্দ্রপুরে অল্পের জন্য রক্ষা পেল গাড়ি
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর রেলক্রসিংয়ে গেইটম্যানের চরম গাফিলতিতে অল্পের জন্য এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন একটি প্রাইভেট গাড়ির যাত্রীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। রেলক্রসিংয়ের গেইট খোলা থাকায় চলন্ত গাড়িটি লাইনে উঠে পড়লে আচমকা একটি দ্রুতগামী ট্রেন সামনে চলে আসে। চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় গাড়িটি থামাতে সক্ষম হওয়ায় অলৌকিকভাবে বেঁচে যান আরোহীরা।
ভুক্তভোগী যাত্রীদের একজন জানান, বৃহস্পতিবার রাতে তাঁরা ঢাকা থেকে মহাসড়ক হয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাত দেড়টার দিকে গাড়িটি রাজেন্দ্রপুর আর্মি ক্যান্টনমেন্ট সংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছায়। সাধারণত ট্রেন আসার আগে রেলক্রসিংয়ের ব্যারিয়ার বা গেইট নামিয়ে দেওয়ার নিয়ম থাকলেও, সে সময় গেইটটি সম্পূর্ণ খোলা ছিল।
কোনো লালবাতি বা সতর্কবার্তা না থাকায় চালক স্বাভাবিক গতিতেই রেললাইন পার হচ্ছিলেন। কিন্তু গাড়িটি লাইনের ঠিক কাছাকাছি পৌঁছানো মাত্রই আকস্মিকভাবে একটি দ্রুতগামী ট্রেন সামনে চলে আসে। চালক তীব্র গতিতে ব্রেক চেপে কোনোমতে ট্রেনের ঠিক আগমুহূর্তে গাড়িটি থামাতে সক্ষম হন। এতে চরম আতঙ্ক ও অল্পের জন্য বড় ধরনের একটি বিপর্যয় থেকে রক্ষা পান আরোহীরা।
এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। গভীর রাতে গেইটম্যানের কর্মস্থলে অনুপস্থিতি নাকি ট্রেন আসার আগে গেইট বন্ধ করতে ভুলে যাওয়া—তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলা অনেক রেলক্রসিংয়েই গেইটম্যানদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করা যায়। রাজেন্দ্রপুরের মতো একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রেলক্রসিংয়ে রাতের বেলা এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী গেইটম্যানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এবং ভবিষ্যতের জন্য রেলক্রসিংগুলোর নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
এআইএল/সকালবেলা
|