বর্ষায় জুতা ভালো রাখার সহজ উপায় ও টিপস

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
বর্ষায় জুতা ভালো রাখার সহজ উপায় ও টিপস

লাইফস্টাইল ডেস্ক: বর্ষার ঝুম বৃষ্টি মনে প্রশান্তি আনলেও, কাদা আর জল ঠেলে বাইরে বের হওয়াটা বেশ ঝক্কির। আর এই যাতায়াতের পথে সবচেয়ে বড় ধকলটি যায় আমাদের জুতার ওপর দিয়ে। বৃষ্টির পানি আর কাদার সংস্পর্শে এসে চামড়ার জুতা যেমন দ্রুত ফেটে নষ্ট হয়, তেমনই কাপড়ের স্নিকার্স শুকাতে না পেরে তৈরি হয় তীব্র দুর্গন্ধ ও ছত্রাক। ফলে জুতা জোড়া দ্রুত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে সামান্য কিছু সতর্কতা আর সহজ ঘরোয়া উপায় মেনে চললেই এই বর্ষাতেও আপনার পছন্দের জুতা থাকবে একদম নতুনের মতো সতেজ ও সুরক্ষিত।

কলকাতা ও ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর আবহাওয়া ও জীবনযাত্রা বিষয়ক প্রতিবেদন অবলম্বনে বর্ষায় জুতার যত্নের কিছু জরুরি দিক এখানে তুলে ধরা হলো:

চামড়ার জুতার সবচেয়ে বড় শত্রু হলো পানি। লেদার খুব দ্রুত পানি শুষে নেয়, যার ফলে জুতার চামড়া কুঁচকে বা ফেটে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

  • করণীয়: চামড়ার জুতা বৃষ্টিতে ভিজলে দেরি না করে সাথে সাথেই একটি নরম ও হালকা ভেজা কাপড় দিয়ে বাইরের কাদা-ময়লা ভালোভাবে মুছে নিন। জুতার ভেতরের সমস্ত আর্দ্রতা বা ভেজা ভাব দূর করতে ভেতরে খবরের কাগজ বা টিস্যু পেপার গুঁজে রাখুন। কাগজ ভেতরের জল শুষে নেওয়ার পাশাপাশি জুতার সঠিক আকৃতিও বজায় রাখবে।

  • সতর্কতা: ভেজা চামড়ার জুতা কখনই কড়া রোদে শুকাবেন না। এছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহার করা বা ঘরের হিটার কিংবা চুলার পাশে রাখাও সম্পূর্ণ অনুচিত; এতে চামড়া শক্ত হয়ে ফেটে যায়। জুতাটি ঘরের এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত বাতাস চলাচল করে। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ভালো লেদার কন্ডিশনার বা নারিশিং ক্রিম এবং ওয়াটারপ্রুফিং স্প্রে ব্যবহার করতে পারেন।

ফ্যাশনেবল স্নিকার্স বা ক্যানভাস জুতা কাপড়ের বা সিন্থেটিক হওয়ায় পানিতে ভিজলে তা শুকাতে অনেক বেশি সময় নেয় এবং ভেজা ভাব থেকে জুতার আঠা আলগা হয়ে যায়।

  • করণীয়: স্নিকার্স বৃষ্টিতে ভিজলে প্রথমেই জুতার ফিতে (Lace) এবং ভেতরের ইনসোল (Insole) খুলে আলাদা করে ফেলুন। জুতার ভেতরে খবরের কাগজ গুঁজে দিয়ে ফ্যানের বাতাসে রাখুন। ক্যানভাস বা কাপড়ের স্নিকার্স মৃদু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন।

  • দুর্গন্ধ দূর করার টোটকা: বর্ষার দিনে ভেজা স্নিকার্সে অনেক সময় একধরণের ভ্যাপসা দুর্গন্ধ হয়ে যায়। জুতার এই জেদি দুর্গন্ধ দূর করতে জুতোটি শুকানোর পর ভেতরে কিছুটা ‘বেকিং সোডা’ ছিটিয়ে সারারাত রেখে দিন। সকালে সোডা ঝেড়ে পরিষ্কার করে নিলেই দুর্গন্ধ গায়েব হয়ে যাবে। জুতা পুরোপুরি শুকানোর পরেই কেবল জুতা রাখার শু-ক্যাবিনেটে বা বাক্সে রাখুন।

বর্ষাকালের যাতায়াতের জন্য রবার, প্লাস্টিক বা ইভা (EVA) ম্যাটেরিয়ালের তৈরি স্লিপার এবং ক্লগস সবচেয়ে আরামদায়ক ও আদর্শ। পানিতে ভিজলেও এগুলোর গাঠনিক কোনো ক্ষতি হয় না। তবে এর মানে এই নয় যে এগুলোর যত্নের প্রয়োজন নেই।

  • করণীয়: এই ধরনের জুতা দীর্ঘক্ষণ ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় ফেলে রাখলে তাতে ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে, যা থেকে পায়ে দাদ বা ফাঙ্গাল ইনফেকশন (সংক্রমণ) হতে পারে। তাই বাইরে থেকে ফেরার পর নিয়মিত অ্যান্টিসেপটিক সাবান-পানি দিয়ে এই জুতা ধুয়ে নিন। বিশেষ করে জুতার তলার খাঁজগুলো ভালো করে স্ক্রাব বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন, কারণ এখানেই কাদা ও রোগজীবাণু সবচেয়ে বেশি জমে থাকে। পরিষ্কারের পর জল মুছে শুকিয়ে তবেই পায়ে দিন।

মন্তব্য করুন