বদলগাছীতে গাঁজাসহ কারবারি গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
বদলগাছীতে গাঁজাসহ কারবারি গ্রেফতার

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীরামপুর বাজারের উত্তর-পশ্চিম কোণে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মো. ফারুক হোসেন (৩৪) বদলগাছী উপজেলার কয়া ভবাণীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে। তবে অভিযানের সময় মিঠু নামে অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শ্রীরামপুর বাজারের পলাতক আসামি মিঠুর দোকানঘরের সামনে অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনকে হাতেনাতে আটক করে তাঁর হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফারুক হোসেন স্বীকার করেছেন যে, তিনি এবং পলাতক মিঠু দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অভিনব উপায়ে অবৈধ গাঁজা সংগ্রহ ও সংরক্ষণ করে আসছিলেন। পরবর্তীতে তা নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করতেন তাঁরা।

এই ঘটনায় গ্রেফতারকৃত ফারুক হোসেন ও পলাতক মিঠুর বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন