শাহজাদপুরে নিখোঁজ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর মো. সবুজ (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।
নিহতের স্ত্রী মোছা. মিতু খাতুন জানান, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ সকালে তাঁর মৃত্যুর খবর পান তাঁরা।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসাকোলা গ্রামে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় সবুজের পরণে একটি ধূসর রঙের গেঞ্জি এবং নেভী ব্লু কালারের হাফ প্যান্ট ছিল। তাঁর চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|