সাকিব নষ্ট ও পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা
সকালবেলা অনলাইন: বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান একজন দক্ষ খেলোয়াড় হতে পারেন, তবে ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শের দিক থেকে তিনি একজন ‘নষ্ট ও পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাকিব এখনও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তিনি দেশে পা রাখলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কড়া মন্তব্য করেন।
সাকিব আল হাসানের সাম্প্রতিক বিবৃতির তীব্র সমালোচনা করে উপদেষ্টা বলেন, "সাকিব এখনও শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন। তাঁর বক্তব্য মূলত বর্তমান সরকারকে মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপে ফেলার একটি ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।"
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, "যেকোনো ব্যক্তি, যিনি গণঅভ্যুত্থানের পর এখনও রক্তচোষা হাসিনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন এবং নানা অজুহাত দেখান—এসব সম্পূর্ণ অবান্তর। তিনি কি মনে করেন বাংলাদেশে এসে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়া মুখোমুখি হওয়া থেকে বেঁচে যাবেন?"
নিরাপত্তা ও আইনি ব্যবস্থার প্রসঙ্গে তিনি যোগ করেন, "তিনি দেশে এসে নিজের আইনি জটিলতা ও অভিযোগগুলোর সম্মুখীন হবেন। দেশে ফিরে যদি তিনি প্রচলিত আইন এবং আদালতের নির্দেশ মেনে চলেন, তবে আমাদের কোনো আপত্তি নেই।"
একই ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা পরিষ্কার বার্তা দিয়ে বলেন, "শেখ হাসিনাও যদি দেশে ফেরেন—যেমনটা তিনি বলছেন ডিসেম্বরে আসবেন—তবে তাঁকে পূর্ণ নিরাপত্তার সঙ্গেই দেশে আনা হবে এবং সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। তিনি বিচারে আইনগত সব সুযোগ-সুবিধা পাবেন, এরপর আদালত যে রায় দেবেন সেটাই চূড়ান্ত।"
তিনি জোর দিয়ে বলেন, "আমরা বাংলাদেশে হাসিনার মতো কোনো মাফিয়া বা ফ্যাসিস্ট শাসনব্যবস্থা আর কখনোই দেখতে চাই না এবং ভবিষ্যতে গড়ে তুলতেও দেব না। এটি একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র।"
এআইএল/সকালবেলা
|