বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের সফরের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান ঐতিহাসিক ও কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং উচ্চপর্যায়ের সফর অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্কের ধারাবাহিক ইতিবাচক গতি ও সার্বিক সহযোগিতায় গভীর সন্তোষ প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর ও বহুমাত্রিক। বর্তমান সহযোগিতার চমৎকার গতি ধরে রাখতে এবং উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে এ সম্পর্ককে আগামী দিনে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগ ও উচ্চপর্যায়ের পারস্পরিক সফর অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।”
সৌদি রাষ্ট্রদূতও এ সময় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা আগামীতে আরও সম্প্রসারণে সৌদি সরকারের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।