সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালসহ গ্রেপ্তার ১৮
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের সমন্বিত বিশেষ অভিযানে সামারি ট্রায়াল এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় সোনারগাঁওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে সামারি ট্রায়াল এবং নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কাঁচপুর এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে গোলজার হোসেন (৩৫), চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সেমবুয়া গ্রামের সেলিম মোল্লার ছেলে মো. সাগর (২২; বর্তমানে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার ভাড়াটিয়া), সনমান্দি ইউনিয়নের ঈমানের কান্দি গ্রামের আ. জব্বারের ছেলে মো. আরিফ (২৪), সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী গ্রামের মৃত মজিবরের ছেলে সজল (২৮), একই এলাকার রমজান আলীর ছেলে রিফাত (২৮), কৃষ্ণপুর গ্রামের সেলিমের ছেলে রবিন (২৪), ষোলপাড়া গ্রামের মৃত আহসানের ছেলে মো. আবুল হোসেন (৪০) এবং ফরিদপুরের নগরকান্দা থানার গোপালপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে মো. রাজু (২০; বর্তমানে কাঁচপুর নয়াবাড়ী এলাকার বাসিন্দা)।
এ ছাড়া গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন—দরপত গ্রামের আব্দুল মোতালেবের দুই ছেলে মোক্তার হোসেন (৩৬) ও আক্তার হোসেন, জয়রামপুর গ্রামের শামসুদ্দিন হকের ছেলে মো. আজিজুল হক (৪২), ভাটিবন্দর গ্রামের ওহাব আলীর ছেলে মো. আলী আকবর (৪২), একই গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে মো. কাওসার (৩৬), জিয়ানগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আল আমিন (৪২), বাড়িচিনিস গ্রামের মৃত সাত্তারের ছেলে মো. বাছেদ (৪৮), নাকাটিভাঙ্গা গ্রামের আক্রম আলীর ছেলে আবুল কালাম (৪২), কামারগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তৌফিকুল ইসলাম শাওন (২৫) এবং বন্দর থানার রামনগর এলাকার মৃত মোস্তফার ছেলে মো. সোহাগ (২৫)।
সোনারগাঁও থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে কঠোর পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।