যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২০ জুলাই ২০২৬) প্রেরিত এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া ও যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার এই ধারাবাহিক সাফল্য আপনার দল এবং যুক্তরাজ্যের জনগণের আপনার দূরদর্শী নেতৃত্বের প্রতি সুগভীর আস্থারই উৎকৃষ্ট প্রতিফলন।"

তিনি আরও বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুনিপুণ নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বৈশ্বিক নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।"

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সুদৃঢ় বন্ধুত্বের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, "উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমুখী অংশীদারিত্ব বিদ্যমান, যা অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথ নীতি এবং দুই দেশের জনগণের নিবিড় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে গত কয়েক দশকে দ্বিপাক্ষিক সম্পর্ক অভাবনীয় মাত্রায় পৌঁছেছে।"

বার্তায় যুক্তরাজ্য প্রবাসী প্রাণবন্ত বাংলাদেশি সম্প্রদায়কে দুই দেশের সম্পর্কের মূল সেতুবন্ধন উল্লেখ করে বলা হয়, তারা উভয় দেশের সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অনন্য অবদান রেখে চলছেন। কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নতুন নেতৃত্বের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

একই সাথে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের সদয় আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠির শেষে তিনি নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং যুক্তরাজ্যের সার্বিক অগ্রগতি ও সুসমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, আজ সোমবার যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মসনদে সমাসীন হলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন