মালয়েশিয়ায় তারেক রহমান ও ডা. জুবাইদার মধ্যাহ্নভোজে ‘প্রথম বাংলাদেশ আমার’ গানে শিশুদের নাচ

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় তারেক রহমান ও ডা. জুবাইদার মধ্যাহ্নভোজে ‘প্রথম বাংলাদেশ আমার’ গানে শিশুদের নাচ
ছবি : পিএমও

অনলাইন ডেস্ক: রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। দুই দেশের সরকারপ্রধানের এই সৌজন্য ও প্রীতিভোজে অংশ নিতে পেরে উভয় পক্ষ গভীর সন্তোষ প্রকাশ করেন।

মধ্যাহ্নভোজ চলাকালে দুই দেশের ঐতিহাসিক ও সুদৃঢ় সম্পর্ককে উদযাপনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা ঐতিহ্যবাহী পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের একটি বিশেষ পরিবেশনা, যেখানে তারা অত্যন্ত জনপ্রিয় বাংলা গান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার’—এর সুর ও তালের সঙ্গে চমৎকার নৃত্য পরিবেশন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম এবং তাঁদের সহধর্মিণীরা অত্যন্ত আগ্রহের সাথে এই মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ভবন থেকে নেমে এলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। প্রবেশপথের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মালয়েশিয়ার শিশু-কিশোররা দুই দেশের জাতীয় পতাকা নেড়ে তাঁদের আন্তরিক অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী এ সময় শিশুদের কাছে এগিয়ে যান এবং অত্যন্ত আবেগঘন পরিবেশে তাদের সাথে কথা বলেন ও মাথায় হাত দিয়ে গভীর স্নেহ প্রকাশ করেন।

পরবর্তীতে বাসভবনের মূল ফটকের সামনে এসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানকে আন্তরিকতার সাথে বিদায় জানান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে আজ বিকেলে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি রয়েছে।

মন্তব্য করুন