দীঘিনালায় সেনাবাহিনীর সুপেয় পানির ব্যবস্থা
রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় দীঘিনালা জোন এই সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করেছে।
আজ সোমবার (২২ জুন) সকালে বাবুছড়া ইউনিয়নের দুর্গম বিন্দু কুমার কার্বারী পাড়ায় একটি ১৯০ ফুট গভীর ডিপ টিউবওয়েল (গভীর নলকূপ) উদ্বোধন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমীন, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুরেশ চাকমাসহ এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, এই গভীর নলকূপ স্থাপনের ফলে স্থানীয় ১০৫টি পরিবারের প্রায় ৩৫০ জন মানুষ সরাসরি নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন। এর মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের তীব্র পানির ভোগান্তির অবসান ঘটল।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এই পাহাড়ি এলাকার মানুষ বছরের পর বছর ধরে পানীয় জলের জন্য দূরবর্তী পাহাড়ের ঝিরি ও প্রাকৃতিক ছড়ার পানির ওপর নির্ভরশীল ছিলেন। বিশেষ করে শুষ্ক ও বর্ষা মৌসুমে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করায় গ্যাস্ট্রিক ও ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে ভুগতে হতো স্থানীয়দের। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গভীর নলকূপ উদ্বোধন শেষে দীঘিনালা জোন কমান্ডার বলেন, "পার্বত্য অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও আমাদের এমন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এআইএল/সকালবেলা
|