পীরগাছায় মাদকসহ শীর্ষ কারবারি গ্রেপ্তার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবা ও ৫০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. শাহিন মিয়া ওরফে মতিন (৪৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার (২২ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শাহিন মিয়া উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল পরান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় রুহুল আমিনের বসতবাড়ির সামনে থেকে শাহিন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে থানার বেশ কয়েকজন এসআই ও এএসআই অংশ নেন।
পীরগাছা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহিন মিয়া এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি জিআর মামলায় আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও (ওয়ারেন্ট) ছিল।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পীরগাছা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ এক চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।”
এআইএল/সকালবেলা
|