মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন গায়ক মনির খান

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ণ
মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন গায়ক মনির খান

বিনোদন প্রতিবেদক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মা মনোয়ারা খাতুন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মনির খান।

মনির খান জানান, গত শুক্রবার (২০ জুন) সন্ধ্যার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তার মা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঝিনাইদহের মহেশপুরের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পরামর্শে এরপর তাকে যশোরে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করানো হয়।

প্রথমদিকে হৃদরোগের আশঙ্কা করা হলেও, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন যে, তিনি কার্ডিয়াক অ্যাটাক করেননি। মনির খান বলেন, ‘রিপোর্টগুলো পাওয়ার পর ডাক্তাররা বোর্ড বসিয়ে দেখেছেন যে, শরীরের ভেতরে কোনো ইনফেকশনের কারণে ব্যথা উঠেছিল। পাশাপাশি তার রক্তচাপও অনেক নিচে নেমে গিয়েছিল।’

চিকিৎসার পর বর্তমানে তার মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (২২ জুন) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেছেন এই শিল্পী। মায়ের দ্রুত সুস্থতার জন্য মনির খান তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন