বিমানমন্ত্রীকে দুইবার ধাক্কা দেওয়া যুবক অস্ত্রসহ আটক

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
বিমানমন্ত্রীকে দুইবার ধাক্কা দেওয়া যুবক অস্ত্রসহ আটক

বিশেষ প্রতিবেদক, নাটোর: নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে লাইসেন্সকৃত পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গণভবনের গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম তানিম। তিনি নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে এবং নিজেকে এক শিক্ষার্থী বলে দাবি করেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৩টার দিকে পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে প্রবেশদ্বারের সামনে আয়োজিত পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শেষে মন্ত্রী মঞ্চ থেকে নেমে আসার সময় ওই যুবকের সঙ্গে পরপর দুইবার ধাক্কা লাগে।

ঘটনায় সন্দেহ হলে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। তল্লাশির একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। এরপরই পিস্তলসহ তাকে পুলিশি হেফাজতে নাটোর সদর থানায় নিয়ে যাওয়া হয়।

আটক যুবক পুলিশের কাছে দাবি করেছেন, পিস্তলটি তার বাবার নামে বৈধ ও লাইসেন্স করা। আত্মরক্ষার উদ্দেশ্যেই তিনি অস্ত্রটি সঙ্গে রেখেছিলেন।

মন্ত্রীর ওই পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন