বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা
সকালবেলা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে দলটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হবে ১ সেপ্টেম্বর সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে— শেরেবাংলা নগরে সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয় আলোচনা সভা, সারা দেশে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ। পাশাপাশি জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিট নিজ নিজ উদ্যোগে পৃথক আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজন করবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান এবং পরবর্তীতে খালেদা জিয়া দলটির নেতৃত্ব দেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার প্রয়াণের পর দলটির হাল ধরেন তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ ও বিভিন্ন পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে।
এআইএল/সকালবেলা