অভ্যুত্থানের পর ছাত্রদের পড়ার টেবিলে ফেরানোই ছিল জরুরি’: কিশোরগঞ্জে জেলা পরিষদ প্রশাসক

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
অভ্যুত্থানের পর ছাত্রদের পড়ার টেবিলে ফেরানোই ছিল জরুরি’: কিশোরগঞ্জে জেলা পরিষদ প্রশাসক
কিশোরগঞ্জে জুলাই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ (ছবি: সংগৃহীত)।

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে স্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো ‘জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ। আয়োজনে জেলার বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

জেলা পরিষদ কিশোরগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে আন্দোলন এবং এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছাত্রনেতৃত্ব ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষামুখী রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদেরকে সঠিক ট্র্যাকে রাখা এবং ৫ই আগস্টের পর তাঁদের পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার মনোযোগ দেওয়া বিশেষভাবে প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও পড়ালেখায় মনোযোগ ধরে রাখা না গেলে আন্দোলনের মূল রূপকল্প ও সফলতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে।”

অনুষ্ঠানের শেষ পর্বে কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন