ঢাকার যানজট নিরসনে ২৪ সংস্থার সমন্বয়ে কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: বৃহত্তর ঢাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও পরিবহন খাতের নানা উদ্যোগের সঠিক সমন্বয়ের লক্ষ্যে ২৪টি সেবা ও নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
সোমবার (৩১ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কমিটিতে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীকে সভাপতি এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। আন্তঃসংস্থা সমন্বয়হীনতা কাটিয়ে যানজটের মূল কারণ চিহ্নিত করা এবং তা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন— সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগের সচিব; বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক; ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার; ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক; বিআরটিএ, বিআরটিসি, বিআইডব্লিউটিসি, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান; সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী; ঢাকা ওয়াসা, ডিএমটিসিএল, তিতাস গ্যাস ও ঢাকা বাস র্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি); পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের একজন অধ্যাপক।
প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির কার্যপরিধিতে নয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— যানজটের কারণ বিশ্লেষণ, পরিবহন খাতের সমস্যা নিরসন, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, আধুনিক প্রযুক্তিভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু, ট্রাফিক আইন বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি, বিশেষজ্ঞ মতামত গ্রহণ এবং নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকারিতা নিয়মিত মূল্যায়ন করা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রতি মাসের প্রথম রোববার সকাল সাড়ে ৯টায় কমিটি নিয়মিত বৈঠকে বসবে।
এআইএল/সকালবেলা