প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
সকালবেলা অনলাইন: নতুন ঘোষিত ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুযায়ী সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা প্রথমবারের মতো সরকারি মোবাইল ভাতা পেতে যাচ্ছেন।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান যুগে ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তা বিবেচনা করে এই মোবাইল ভাতার সুবিধা সর্বজনীন করা হয়েছে। আগে কেবল পঞ্চম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা এ সুবিধা পেলেও এখন থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব কর্মচারীরা মোবাইল ভাতা পাবেন।
এছাড়া, কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের ভাতা তুলনামূলক বেশি হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সর্বনিম্ন পেনশনপ্রাপ্তদের নিট পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
নতুন পে-স্কেল অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে এ নতুন স্কেল অনুমোদিত হয়। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৫ সালে অষ্টম পে-স্কেল ঘোষণা করেছিল সরকার।
এআইএল/সকালবেলা