জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী ‘বাজিত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে তা দুমড়েমুচড়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় ভেতরে আরও যাত্রী আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এআইএল/সকালবেলা