ছাড়পত্রের পরও কুর্সি ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার!

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ
ছাড়পত্রের পরও কুর্সি ছাড়ছেন না প্রকৌশলী ছানোয়ার!

টাঙ্গাইল প্রতিনিধি: সরকারি বদলির আদেশ ও ছাড়পত্র পাওয়ার পরও টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলীর দায়িত্ব আঁকড়ে থাকার অভিযোগ উঠেছে মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে। নতুন উপজেলা প্রকৌশলী যোগদান করলেও পুরোনো কর্মকর্তা দায়িত্ব হস্তান্তর না করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

গত ১৯ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ছানোয়ার হোসেনকে কালিহাতী থেকে দেলদুয়ার উপজেলায় সহকারী প্রকৌশলী পদে বদলির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে ২৭ আগস্ট তাঁকে কালিহাতী উপজেলা প্রকৌশলীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রও দেওয়া হয়। গত ৩০ আগস্ট গোপালপুর উপজেলা থেকে বদলি হয়ে নতুন উপজেলা প্রকৌশলী কালিহাতীতে যোগদান করলেও ছানোয়ার হোসেন এখনো নতুন কর্মস্থলে যোগ না দিয়ে কালিহাতীতেই অবস্থান করছেন।

স্থানীয় সূত্র ও ঠিকাদারদের অভিযোগ, কালিহাতীতে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ, নিম্নমানের কাজ অনুমোদন ও পছন্দের ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। বদলি কার্যকর না হওয়া এবং দায়িত্ব হস্তান্তর নিয়ে সৃষ্টি হওয়া জটিলতায় চলমান উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনসহ দাপ্তরিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।

একটি সূত্র জানায়, বদলির আদেশ বাতিলের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্য ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর তদ্বির চালাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে মো. ছানোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করতে সরকারি বদলির আদেশ দ্রুত কার্যকরের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন