রংপুরে চার খুন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধর ডোপ টেস্টে মেলেনি মাদক
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের প্রতিবেদনে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, বিশেষ করে এমফিটামিনের উপস্থিতি পরীক্ষা করা হলেও দুজনের শরীরে এর কোনো আলামত মেলেনি।
ডিবি সূত্র জানায়, নিরাপত্তার ঝুঁকি এড়াতে আদালতের অনুমতি সাপেক্ষে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়েই দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। রংপুর মেডিকেল কলেজের ল্যাব টেকনোলজিস্ট ও সহযোগীদের নিয়ে ডিবি পুলিশের একটি দল রোববার (৩০ আগস্ট) এ নমুনা সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন করে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হলে তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মর্মান্তিক এই চার খুনের ঘটনায় নিহত শিক্ষক গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
এআইএল/সকালবেলা