টঙ্গীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
টঙ্গীতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীবাজার হাজীর মাজার বস্তিতে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি চিহ্নিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।

অভিযানকালে রাজউকের উপপরিচালক (এস্টেট-২) আসাদুজ্জামান বিশ্বাস, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম এবং টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমানসহ যৌথ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীর মাজার বস্তির বেশ কয়েকটি স্পটে অবৈধ আস্তানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চালিয়ে আসছিল একটি চক্র। এর আগে পুলিশ ও যৌথ বাহিনীর একাধিক অভিযানেও মাদক কারবার থামানো যায়নি। অপরাধ নির্মূলে ও আস্তানাগুলো স্থায়ীভাবে ধ্বংস করতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন জানান, হাজীর মাজার বস্তি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ঢাকাসহ আশপাশের এলাকার অপরাধীরা অপরাধ সংঘটন শেষে এখানে এসে আত্মগোপন করত। অতীতে এখানে অন্তত ১০ বার অভিযান চালিয়ে চিহ্নিত করা আস্তানাগুলো আজ গুঁড়িয়ে দেওয়া হলো। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন