সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৩০ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম তাঁকে জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠানোর তথ্য নিশ্চিত করেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে শফিউদ্দিন আহমেদকে আগামী ১৪ সেপ্টেম্বর এনআইডির ফটোকপিসহ কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের পরিচালক মো. আবুল হাসনাত ও উপপরিচালক মোজাম্মেল হোসেনকে নিয়ে গঠিত দুই সদস্যের দল এই অনুসন্ধান পরিচালনা করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর থেকে তাঁর বিরুদ্ধে এই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের কাজ শুরু করে দুদক। ২০২১ সালের ২৪ জুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিন বছর দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান জেনারেল শফিউদ্দিন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন