এনসিপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা
ওয়াফিক শিপলু, বগুড়া: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে অবস্থানকালে বাদী ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেখতে পান। এনসিপির তৎকালীন যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত আইডি থেকে তারেক রহমানকে নিয়ে উসকানিমূলক মন্তব্য প্রকাশ করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এতে দলের জননেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, সাইবার সুরক্ষা আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করেছে।
এআইএল/সকালবেলা
|