সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশ: বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে ইতিমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, বিশেষ এই অনুসন্ধান দলের দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে।

অনুসন্ধানের আওতায় আসা অপর তিন কর্মকর্তা হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে। অভিযোগের তালিকায় রয়েছে বেআইনি সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার এবং অবৈধ বিটকয়েন লেনদেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং নিয়োগে আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো গুরুতর বিষয়গুলোও ভুক্তভোগীদের অভিযোগে উঠে এসেছে।

দুদক সূত্র আরও উল্লেখ করে, সাবেক ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকার সুবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুনর্গঠন ও পরিচালনায় অনৈতিক ও সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগপত্রে আরও বলা হয়, উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন দপ্তর ও খাত থেকে বড় অঙ্কের অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ ও নিয়ন্ত্রণ করতেন।

কমিশন সূত্রে জানা গেছে, গঠিত বিশেষ অনুসন্ধান টিম নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের মধ্য দিয়ে শিগগিরই অভিযোগের আইনি অনুসন্ধান কার্যক্রম চূড়ান্ত করবে।

মন্তব্য করুন