কিশোরগঞ্জে অটোরিকশার দাপটে তীব্র যানজট ও জনদুর্ভোগ
তাহজীব রহমান খান, ক্যাম্পাস প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরে লাগামহীনভাবে বেড়েই চলেছে অটোরিকশার সংখ্যা। অনিয়ন্ত্রিত যান চলাচল, সড়কের ওপর অটোরিকশা দাঁড় করিয়ে রাখা এবং যত্রতত্র ফুটপাত দখলের কারণে প্রতিদিন তৈরি হচ্ছে ভয়াবহ যানজট।
বিশেষ করে গৌরাঙ্গবাজার মোড়, কালীবাড়ির মোড়, একরামপুর মোড় ও আখড়া বাজার মোড়ের মতো ব্যস্ত এলাকাগুলোতে যানজট এখন নিত্যদিনের ভোগান্তি। এতে রোগী, শিক্ষার্থীসহ চরম বিপাকে পড়ছেন সাধারণ পথচারীরা।
একই সঙ্গে গৌরাঙ্গবাজার কাঁচঝারি মোড় থেকে গৌরাঙ্গবাজার মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা জানান, ফুটপাত উচ্ছেদে প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও কয়েক দিন পরই আবার পরিস্থিতি আগের রূপ নেয়।
যানজট নিরসনে লাইসেন্সবিহীন ও অবৈধ অটোরিকশার প্রবেশ বন্ধ করা, অবৈধ সিন্ডিকেট ধ্বংস করা এবং স্থায়ী নজরদারির জোর দাবি জানিয়েছেন শহরের বাসিন্দারা।
এআইএল/সকালবেলা