সৈয়দপুরে নিখোঁজ রিকশাচালক রংপুরে উদ্ধার
মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর থেকে নিখোঁজ হওয়া রিকশাচালক রাসেলকে (৩৫) পাঁচ দিন পর রংপুর থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর শহরের ধাপ এলাকার একটি ড্রেনের পাশ থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা।
উদ্ধার হওয়া রাসেল সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রিকশা কেনা ও ঘর মেরামতের জন্য এনজিও থেকে ঋণ নেওয়া ৪৫ হাজার টাকা নিয়ে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইট কিনতে বের হন তিন সন্তানের জনক রাসেল। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত শুক্রবার (২৮ আগস্ট) সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
ভুক্তভোগী রাসেলের অভিযোগ, ইট কিনতে যাওয়ার পথে বাস টার্মিনালসংলগ্ন আদানি মোড়ে মোটরসাইকেলে আসা তিনজন ব্যক্তি নিজেদের প্রশাসন পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। পরে সৈয়দপুর-রংপুর সড়কের ইকরচালী এলাকায় নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয় তারা এবং জোরপূর্বক চেতনানাশক মিশ্রিত কেক খাইয়ে সংজ্ঞাহীন করে ফেলে রাখে।
এ বিষয়ে সৈয়দপুর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা