বাগেরহাটে বজ্রপাতে দুই ভাই নিহত
বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত বিধান বাছাড় স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছাড় স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে বিধান ও মানিক বাছাড় বাড়ির অদূরে মাঠের ধানক্ষেতে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, খবর পেয়ে মাঠে গিয়ে তাঁদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, বজ্রপাতে দুই সহোদরের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা