গাজীপুরে অটোরিকশা উল্টে ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত
মহিউদ্দিন আহমেদ, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে মোহাম্মদ জয়নাল আবেদীন (৫৫) নামের এক ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে টঙ্গীর আনারশীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল জব্বারের ছেলে। তিনি টঙ্গীর টিএনটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং দীর্ঘ ২০ বছর ধরে রেনেক্স (রোনপোলেক্স) ওষুধ কোম্পানিতে চাকরি করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় চড়ে অফিসে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। আনারশীল এলাকায় পৌঁছালে দ্রুতগতির অটোরিকশাটি চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীনের করুণ মৃত্যু হয় এবং অন্য দুই যাত্রী আঘাতপ্রাপ্ত হন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা