ঈশ্বরদীতে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
ঈশ্বরদীতে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

মো. হাসান ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক খাঁনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৭ জুন) বিকেলে ঈশ্বরদী উপজেলার রূপপুর ফটু মার্কেটে পাকশী ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব গ্রুপ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গ্রুপের সমর্থকদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা আব্দুল খালেক খাঁনকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন।

বক্তারা অভিযোগ করেন, এই ঘটনার পর উল্টো জাকারিয়া পিন্টুর সমর্থকদের দায়ী করে এবং আব্দুল খালেক খাঁনকে জড়িয়ে হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে অপপ্রচার চালায়। আজকের সংবাদ সম্মেলনটি ছিল মূলত সেই অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর জন্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, “হাবিবুর রহমান হাবিব গ্রুপের এমন অত্যাচার আমরা কোনোভাবেই মেনে নেব না। তারা সংবাদ সম্মেলনে যেসব কথা বলেছে, তার সবই মিথ্যা ও বানোয়াট। উল্টো তারা গত ৫ আগস্ট ২০২৪-এর পর থানা থেকে লুট হওয়া পিস্তল দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন যদি এদের বিরুদ্ধে দ্রুত কোনো আইনগত ব্যবস্থা না নেয়, তবে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলন শেষে নেতা-কর্মীরা পাকশীর মূল ফটক এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর রূপপুর ফটু মার্কেটের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে লিফলেট হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক মো. মুনসুর মন্ডল, সাবেক সহ-সভাপতি মো. টুটুল সরদার, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন পলাশ, সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. রাসেল পারভেজ, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. রওশন আলম পাপ্পু এবং মুলাডুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন