ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তির প্রতিবাদে বৈরুতে হিজবুল্লাহর বিক্ষোভ, গৃহযুদ্ধের হুঁশিয়ারি
বিক্ষোভের পাশাপাশি রাজধানীজুড়ে হিজবুল্লাহ ও ইরানের পতাকা হাতে সশস্ত্র সমর্থকদের মোটরযানের শোডাউন করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত তল্লাশিচৌকি বসানো হয়েছে।
চুক্তিটির তীব্র বিরোধিতা করে হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় গৃহযুদ্ধের ঝুঁকি না নিলে লেবানন সরকারের পক্ষে এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয়। হিজবুল্লাহ ও তাদের মিত্ররা এই চুক্তিকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছে। তাদের অভিযোগ, এই চুক্তির ফলে লেবাননের যে অংশগুলো এখনও ইসরায়েলের দখলে রয়েছে, সেখানে সামরিক অভিযান চালানোর জন্য ইসরায়েল বাড়তি স্বাধীনতা পেয়ে যাবে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে নিঃশর্ত ও সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে, যা না করা পর্যন্ত তারা কোনো সমঝোতা মানবে না।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারির পর থেকে ইসরায়েলি আগ্রাসনের মুখে লেবাননের প্রায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধের এই কঠিন সময়ে শান্তিচুক্তির উদ্যোগ নিলেও তা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক অস্থিরতাকে নতুন করে উসকে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকার ও হিজবুল্লাহর এই বিপরীতমুখী অবস্থান দেশটিকে দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিতে পারে।
|